১.> হুমমম | রিসার্চ বলছে ছেলে:মেয়ে হল ১০০০:৮৪২, তাই আমাদের (ছেলে নামক অদ্ভূত প্রজাতির) চান্স কম | সেই জন্যই আমায় বারে বারে প্রেমে পড়তে হয় যদি একটার সাথে টিকে থাকা যায় | যদিও এখন অবদি একা (তবে কিনা বহু দিক থেকে খরচা কম এটা গুড) | যাই হোক শিশুকাল থেকে শুরু করা যাক আফটার অল সেই হাফ প্যান্ট-এ শুরু আর ফুল প্যান্ট-এ গুরু:
স্কুল ডেজ (কোয়েড স্কুল) সুন্দরী রমণী আর আমি ফচকে ছোঁড়া | সব বিষয়ে একটা গা ছাড়া ভাব, স্কুল-এ সব ক্লাস-এ বাইরে থাকতাম (ম্যাডাম-রাই দায়িত্ব নিয়ে বের করে দিতেন) | খেলাধূলায় সময় কাটত | নেহাৎ পড়াশোনায় খারাপ ছিলাম না তাই টিচারেরা বাম্বু দেবার চান্স পেতেননা | তা ব্যাক টু স্টোরি | সব ছেলেদেরই ওই মেয়েটিকে ভাল লাগত | কিন্তু আমার সাথে মোটামুটি ভালোই বন্ধুত্ব ছিল | আমার প্রাক্টিকাল খাতার সব ছবি বলতে গেলে ওই আঁকতো (আমার আঁকার হাতের গল্প আরেকদিন বলব) | তা বেশ চলছিল | টিফিনে টিফিন শেয়ার করা (মানে আমারটা আমি খেতাম আর ওরটাতেও ভাগ বসাতাম) | তা এত সুখ কি আর সহ্য হয় কারুর | সবাই মিলে পেছনে লাগা শুরু করল | শেষে এলো সেই ড্রেডেড দিন – রাখী বন্ধন | ওর দু:খে নিজেকে ত্যাগী করে ওকে বললাম দে রাখী বেঁধে | বেশ আর কি টিফিন টাও পেতাম (যদিও চেপে গেছিলাম যে আর একটা রমণী এসেছিল নতুন আমাদের ক্লাসে যার জন্য আমি হাসি হাসি এই ত্যাগটা করেছিলাম – কিন্তু সেটা আরেকটা গল্প)|
২.> তা যা বলছিলাম, সেই নতুন রমণীটির কথা | উফফফ | এখন ভাবলে কিরকম স্বপ্নের দেশে চলে যাই, চোখ দুটো মাদকতায় ভরপুর | বেশ আমিও লেগে পড়লুম | জানিনা কি ভাবে ভাল বন্ধুত্ব হয়ে গেল (আমার ভাল বন্ধুত্বের মানে হচ্ছে টিফিন শেয়ার আর বসে বসে ভাঁট বলা আর শোনা) | যথারীতি সবার নজর পড়ল | মনে হয় এবার ভগবান একটু ব্যাগড়া দিল | তা নইলে দিব্যি বলছি ওতেই থেমে যেতাম | একটা ক্লাস গেল, গরমের ছুটি পড়লো | দেখা হতোনা, মাঝে মাঝে ফোনে কথা (তখন বাপু এইসব মোবাইল-এর যুগ ছিলোনা), এই যা | ক্লাসে ফিরলাম | জানিনা কোন খাদ খেয়ে মেয়েটা এইয়া ঢ্যাঙা হয়ে গেল | এখন আমি আফসোস করি কেন আমি কমপ্ল্যান খেতামনা | যাই হোক সেই ও আর আমি | সেই দুজনের চোখে চোখ | খালি ডিফারেন্স এই যে ও বসে আর আমি দাঁড়িয়ে | ব্যাস প্রেমে ইতি | খুবই ট্রাজেডি | শেক্সপিয়ারে থাকলে আরেকটা ড্রামা হত |
৩.> একটা ভায়োলেন্ট ছোটিসি লাভ স্টোরি মনে পড়ে গেল |
সেই স্কুল জীবন | সব বন্ধুরা প্রেমে হাবুডুবু খাচ্ছে আর আমি বন্ধুদের জন্যে ত্যাগ করে করে একাই বসে আছি (মোদ্দা কথা কেও পাত্তা দেয়নি) |
তা সেই সময়ে পাশের স্কুল-এর একটি রমণীর দিকে নজর আকর্ষিত হল | উফফফ জেনো ক্যাটরিনা কাইফ (খালি হাইট একটু কম) | বেশ দিল মে বাজি গিটার | কি করা যায়, কি করা যায় ! অনেক খবর নিয়ে ওর বাড়ির হদিস পেলাম | এক দিন দুগগা দুগগা বলে বেরিয়ে পড়লাম, সাথে কয়েকটা বন্ধুকে নিয়ে | মিশন প্রোপোজ |
ছুটির দিন, ওর বাড়ির বাইরে ঘুর ঘুর করছি | একটু পরে যথারীতি টাইম হলো, ও কোচিং পড়তে বেরোল | আমার বন্ধু গুলো আমাকে বারে চড়িয়ে দিল ক্ষুদিরামের মত | আমিও বাংলা সিনেমার নায়কের মত গিয়ে বললাম | দেখ আমি অরবিন্দতে পড়ি | আর তোমায় আমার খুব ভাল লাগে | ও আমাকে দেখে বলল, “তুমি ওই ফচকে ছোঁড়াটা না, সর্ব ঘটে কাঁঠালিকলা!”
আমি তো ছবি, গলা শুকিয়ে কাঠ | তাও বন্ধুরা কি ভাববে ভেবে বললাম, “না না ওটা কেউ বাজে বলেছে, আমি খুব ভাল | আমার সাথে থাকলে জানতে পারবে |” ও বলল, “আচ্ছা দাঁড়াও, বই ফেলে এসেছি এসে কথা বলছি |”
আমিতো খুব খুশি আহ্লাদে পুরো ২০ খানা অবস্থা |
খানিকক্ষণ পর দেখি দুটো দুম্ব মতন মুষ্ক লোক বেরিয়ে এসে আমায় ধরে বলে যে, “এই তুই কোথাকার ছোঁড়া রে?”
সে তারপর উত্তমমধ্যম | পিছনে ফিরে দেখি বন্ধু গুলো সব কর্পূরের মতো হাওয়া | আমিও কোনরকমে গা বাঁচিয়ে চম্পট | সে যাত্রা খুব জোর বেঁচে গেছিলাম | আর বলেছিলাম রঞ্জনা আমি আর আসবনা (আসল নামটা আর জানার সাহস হয়নি) |
৪.> কানা মাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছোঁ | আমার ডায়েরি থেকে আরেকটা | এটাকে বলা যেতে পারে-প্রেমে গুগলি | তখন ক্লাস ১০ | মোটামুটি স্কুলের বণ্ড, কোভ্যালেন্ট বন্ড | আমার আবার একটা গুন ছিল যে সবার সাথে বন্ধুত্ব হয়ে যেত | তা যথারীতি দেখা পেলাম এক রমণীর | বাবার ট্রান্সফারের জব তাই ডিরেক্ট এন্ট্রি | বোধহয় ম্যানেজমেন্টেরও কেউ চেনা ছিল! দেখেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল | যাই হোক, গিয়ে কথা বললাম | আস ইউজুয়াল বন্ধু হয়ে গেলাম | আমার বাড়ির কাছেই থাকত | তাই এক সাথে স্কুল যাওয়া আসা চালু করলাম | যা সারা লাইফ করতে পারলাম না সেটা করা চালু করলাম | স্কুলে টাইমে পৌঁছানো! যাই হোক মাঝে মাঝে সন্ধ্যেবেলায় চিনে বাদাম বা ফুচকা খাওয়া, পার্কে বসা ছিলই | তা একদিন আমায় বলল কিনা যে একটা কথা আছে | খুব সিক্রেট আমাকে ছাড়া কাউকে বলা যাবেনা আর আমি জেনো কাউকে না বলি | বেশ আমিতো গ্রীন সিগন্যাল পেলাম | বিকেলে দেখা করার আগে একটা ডেয়ারি মিল্ক কিনলাম | সাপ্তাহিক পকেট মানি খালাস | যাই হোক গিয়ে দিলাম, হাফা হাফি খেলাম | বললাম কি কথা !
ও বলে, ওই যে তোমার ভালো বন্ধুটি আছেনা যে পড়াশোনায় খুব ভালো, ওকে আমার খুব ভালো লাগে | একটু বলবে ওর আমার সম্পর্কে কি ধারণা ! তাহলে এগোব |
বেশ সমস্ত স্বপ্নে কেরোসিন ঢেলে শিপ দেশলাইয়ের একটা কাঠি | যাই হোক তখন আবার এই সব সাইড হিরোদের কুরবানির সিনেমা ফেমাস ছিল | তাই আমি ওদের মিলিয়ে দিলাম | পরে যখন আমি পাঁচিলে বসে অন্য রমণী দর্শন করতাম | পিছনে ওরা আইস-ক্রীম বা আলু কাবলি খেতে খেতে ঘুরত, কি আর বলব | নেহাত স্কুল-এ কিছু ভালো মেয়ে ছিল বলে আর আমি অতো কেয়ার করিনি, নইলে হৃদয়টা ঈর্ষায় জ্বলে পুরো কয়লার খনি হয়ে যেত |
৫.> এবার আসা যাক আমার লাইফের একমাত্র অকৃত্রিম প্রেম |
স্কুল-এর পর এক বছর ঘরে বসে ভ্যারেন্ডা ভেজেছিলাম | পড়াশোনার থেকে রেস্ট নিচ্ছিলাম | দেখানোর জন্য প্রেসিডেন্সি আর জেভিয়ার্স দুটোতেই কেমিস্ট্রি অনার্স পেয়েছিলাম তবে একটাতেও যাইনি | ফলে আমার মডারেট ডায়েটের দরুণ বেশ ফুলে গেলাম | এক বছর পর সি.ই.টি দিয়ে ব্যাঙ্গালোর কম্পিউটার সায়েন্স পড়তে এলাম | প্রথম দিন ক্লাসে ঢুকলাম, যথারীতি লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম | খানিকক্ষণ পর সেও এলো | বেশ পিছনে ভায়োলিনের আওয়াজ আর মনে দিল কা ভ্রমর করে পুকার | নাহ এসব কিছুই হয়নি | দেখে ভাল লাগল | আস্তে আস্তে সেটা আরো বাড়তে লাগল | যদিও জানতাম শি ইজ আউট অফ মাই লীগ | আমি ভোঁদাই মার্কা ক্যালা ছেলে | তাও বামুনের চাঁদ চাইবার শখ কি যায় !
এরকম করে প্রায় ৩ বছর পার, একটাও কথা বলতে পারলামনা | সামনে গেলেই কিরকম জানিনা গলায় আওয়াজটা একদম জট পাকিয়ে গিঁট্টু মেরে জেতো | আমার এলেম দেখানোর জন্য ফাঁকা পেলেই গান গাইতাম (তানসেন ভেবে গাইতাম বাট গলা দিয়ে ভীষ্মলোচন শর্মাই বেরোত) | আমার সব বন্ধুগুলো আমাকে হেল্প করার চেষ্টা করত কিন্তু বৃথা | ডি.জে তে নাচতাম ওর চারপাশে মাইকেল জ্যাকসনের মত (যদিও ভাল্লুক ডান্স উড বি আ বেটার নেম ফর ইট) | এক বার তো ওকে সামনে পেলাম অনেক কষ্টে, ও সুন্দর নাচছিল আর আমি কেত মারতে গিয়ে ধপাস ! সে আর লজ্জায় মাথা কাটা যায় আর কি !
ও সামনে এলেই কিরকম জেনো সব এলোমেলো হয়ে জেতো | একবার ক্লাস-এ একটা প্রোগ্রাম কেউ পারেনি খালি আমি করেছিলাম | তো কি হল বন্ধুর সাথে আমি রাতে খেতে বেরিয়েছিলাম | হঠাৎ একটা অচেনা নম্বর থেকে ফোন | আমি বুঝতে পারিনি প্রথমে পরে তুলতে তুলতে কেটে যায় | আমি মহা কঞ্জুষ কল ব্যাক করিনি | পরে বাড়ি ফিরে শুনলাম মেয়েটি আমার নম্বর জোগাড় করে ফোন করেছিল প্রোগ্রামের জন্য | আর আমায় না পেয়ে পরে আমার রুম মেটের থেকে চেয়ে নেয় | পোড়া কপাল!
যাই হোক ৪র্থ ইয়ার এলো | আমাদের পুরো ক্লাস একদিনের ট্রিপে বেরোলাম | খেলা হল ট্রুথ আন্ড ডেয়ার | আমাকে আমার বন্ধুরা ইচ্ছে করে যে কোন মেয়েকে প্রোপোজ করতে বলল মানে ক্ষুদিরাম কেস | আমিও বুকে পাটা দেখিয়ে ওকে প্রোপোজ করলাম | প্রপোজাল সত্যি ভাল ছিল আর লিখলামনা, বেশি ইন্টু সিন্টু লাগবে | তা শুনে বলল ওকে |
ততদিনে আমার অবস্থা খুবই খারাপ | পড়তে এমনিতেই বসতামনা আর বসলে ওর কথা | গ্রেড গুলো মাটি খুঁড়ে ঢুকে যাচ্ছিল | কোনরকমে পাশ করছিলাম | যাই হোক ইন্টারন্যালের সময় ওকে বললাম দেখ ক্যান উই বি ফ্রেণ্ডস ! আমি জানি আই ক্যান নট আস্ক ফর মোর | তা ও বলল ওকে | পরে বাড়ি গিয়ে গুড নাইট মেসেজ করলাম | রিপ্লাই এল কে হে তুমি ! আমি বুঝলাম নাম্বার যখন ডিলিট করেছে, তখন চান্স শুন্য তাও লিখলাম, বন্ধু সায়ন | বেশ একটা এমন ঝামটা এলো | আই ওয়াজ জাস্ট বিয়িং নাইস, ডোন্ট বদার মি | হ্যাভ ইউ সীন ইওরসেল্ফ?
খুব খারাপ লাগল | কেঁদে কেঁদে চোখ দুটো টম্যাটোর মত লাল করে ফেললাম | পরীক্ষা গোল্লায় | বেশ কয়েকটা ভাল ভাল অপরচুনিটি পেলাম ব্যাঙ্গালোরে সব ছেড়ে উইপ্রো নিলাম (লাস্ট অন মাই প্রায়োরিটি লিস্ট) যে কলকাতায় পোস্টিং দেবে |
ফুল্টু দেবদাস হয়ে গেলাম | চান ত্যাগ (যদিও আমি হামেশাই একটু জল সংরক্ষণে বিশ্বাসী), দাড়ি রবীন্দ্রনাথের মত, চুল এমনিতেই কম কাটি, খালি মদটা শুরু করিনি (পকেটে মাল কড়ি কম ছিল বলে, তাই বোতল বোতল জল পান করেই দেবদাস ফিলটা আনতাম) | পড়ে থাকতাম ঘরের এক কোণে | ইঞ্জিনিয়ারিং শেষ করে | বাড়ি গেলাম | জানতে পারলাম উইপ্রো পোস্টেড মি ইন ব্যাঙ্গালোর, আইরনি অফ লাইফ | বাড়িতে কিছুদিন রইলাম | সব বন্ধু, আত্মীয় দের মধ্যে থেকে নিজেকে আবার খুঁজে পেলাম | লাইফে ওই একবার সিরিয়াস হয়েছিলাম জাস্ট টু রিয়েলাইজ, ইট’স নট ওয়ার্থ ইট! লাইফটা হচ্ছে হাসিখুশি থাকার জন্য আর সবাইকে হাসানোর জন্য | আন্ড সো বি ইট!
এটাই আমার মোটো | তা যাই হোক ফিরে এলাম | আণ্ড আই কুড নট হ্যাভ আস্কড ফর মোর |
আজকাল অফিসে যাই, ৮:৩০ পৌঁছাই, ৯ টায় ব্রেকফার্স্ট করতে যাই, ১০:৩০ মিল্ক ব্রেক (আমি আবার চা কফিও খাইনা কিনা), ১২ টায় লাঞ্চ ব্রেক, তারপর আবার একটু আফটারনুন ডিপ মেডিটেশন (মানে নিপাট ঘুম), তারপর ৩.৩০ মিল্ক ব্রেক, ৬ টায় ব্যাগ কাঁধে হাওয়া | তারপর যোগ-আরোবিক্স বিকজ অর্নিথোলজি ইজ স্টিল মাই ফেভারিট হবি | একটু জিম আন্ড দেন বাড়ি এসে কুটকুট | এই বেশ ভাল আছি |
হ্যাঁ এর মাঝে মাঝে প্রেমে পড়াটাও আছে | ওটা ছাড়তে পারিনি | শিশুকালের অভ্যেস কিনা!
৬.> তা অনেকদিন লিখব লিখব করে আর লেখা হয়না | তাই আজ লিখেই ফেলি | কত নম্বর প্রেম জিজ্ঞেস করোনা | কাউন্ট হারিয়ে ফেলেছি! এনিওয়েজ নতুন নতুন অফিস জয়েন করেছি, আর নতুন প্রোজেক্টে এলাম | সাথে একটি মেয়ে এলো, আস ইউজুয়াল লেগে গেলাম ভাঁট বকতে | ভাল বন্ধু হয়ে গেলাম | তা এর মধ্যে কিকরে জানিনা একটু নাম হয়ে গেল টেকনো ট্যাপা বলে | ফোঁপর দালালি করা চালু হল | কারোর কোন প্রবলেম হলেই সবাই আমার কাছে আসত | আমিও একটু নিজেকে কেউকেটা ভাবতাম | মেয়েটি আমার পাশের কিউবিকলেই বসত | যখনই কোন প্রবলেম হত আমি লাফিয়ে গিয়ে সাহায্য করতাম | এমনি ঠাট্টাও করতাম ওকে রাগিয়ে | তা একদিন বাড়িতে ও ভাইয়ের সাথে ঝগড়া করে অফিসে এসেছে, সকালে আমায় বলল | দুপুরে ওর কিছু প্রবলেম হওয়াতে আমি আবার পৌঁছে গেলাম | ও একটু রুক্ষ ভাবে বলল, “আমি নিজে থেকে করতে পারি | বারবার আসার কি দরকার!”
আমি তখন ঠাট্টা করে বললাম, “ওরে আমার সবজান্তা কন্যেরে!”
ব্যাস ও বলল নিজের চরকায় তেল দাও | এই সময়ে আরেকটি মেয়ে কলিগ এসে যায় | আমার মেল শভিনিষ্ট ইগো আমায় গোঁত্তা দিল | আমিও চিল্লে ঝগড়া করে বললাম আর দরকারেও আসবনা | কথাও বলা বন্ধ করলাম | পাক্কা ১০ দিন | তখন মনে কোথায় একটা ব্যথা চালু হল, প্রথমে ভাবলাম গ্যাসের প্রব্লেম | পরে বেশ দিল ধক ধক করনে লাগা | আর মন বলল কুছ কুছ হোতা হ্যায় | কি করি, কি করে কথা বলি! মহা চাপ | রেগুলার ওর পাশের জনদের সাথে কথা বলতাম আর ওর সাথে বলতামনা | তা আমি দেখতাম ও কথা বলতে চায় বোধ হয়! ১০ দিন পর আমার মেসেঞ্জারে একটা পিং এল, “এখনো রেগে আছো!”
ব্যাস আমিও গলে আমূল বাটার | কথা আবার চালু | দুজনেই সরি বলে কাত | চালু হলো আরো গভীর বন্ধুত্ব | এক সাথে ব্রেক ফার্স্টে যাওয়া, লাঞ্চে যাওয়া, বিকেলে বাসের জন্য দাঁড়িয়ে ওয়েট করা, সিনেমা ইত্যাদি | কিন্তু যেহেতু আমি আগেই এমন ধাক্কা খেয়েছিলাম যে ওকে প্রোপোজ করবার বুকের পাটা পেলামনা | পাছে বন্ধুত্ব টাও যায় | আর দেখবে যে তুমি কাঁদলে লোকে দেখবেনা, হাসলে কেউ পাত্তা দেবেনা, কেউ তোমার দু:খ দেখবেনা, আগে এলে ম্যানেজার দেখবেনা, কিন্তু কিন্তু যদি একটা মেয়ের সাথে একটু ঘোরো বেশ সবার নজরে পড়বে | অফিস-এ টন্ট চালু হল |
আমি ওর কথা ভেবে একটু ডিস্টান্ট হলাম | ও বুঝল | আস ইউজুয়াল নরম্যাল ফ্রেণ্ডসদের মত চলতে লাগল | গত বছর ও গোমড়া মুখে এল হাতে একটা কার্ড, খুলে দেখলাম ওর বিয়ের কার্ড | কিরকম জেনো ঝটকা লাগল | ওকে বললাম দু:খী লাগছে কেন তোমারতো খুশি হবার কথা | ও বলল যে ও খুশি | কোথ থেকে যেন ক্ষুদিরামের আত্মা ঢুকে পড়ল | বললাম কিন্তু আমি খুশি নই | আকচুয়ালি আমার তোমায় পছন্দ | খালি সাহস করে বলতে পারিনি যদি আস আ ফ্রেণ্ড ও তোমায় হারাই | দেখলাম ও কিরকম হয়ে গেল | বলল আমারো তোমাকে পছন্দ বাট ইট’স টু লেট নাও | ব্যাস এণ্ড রেজাল্টও ক্ষুদিরামের | কি কুক্ষণে চেপে ছিলাম | ইচ্ছা করছিল নিজেই নিজেকে লাথাই | তা ওর বিয়ে হয়ে গেল আর ও বাইরে সেটল হল |
ব্যাস মোর গল্পটি ফুরোল নটে গাছটি মুড়োল | মরাল অফ দ্য স্টোরি – প্রক্যাস্টিনেশন কিলস দ্য ক্যাট | আর আই বিকেম রেডি ফর ইয়েট আন্যাদার লাভ | তবে বেশি টাইম ইনভেস্ট করবনা এবার থেকে তা নইলে এই আসরের জন্য গল্প পাবনা বেশি |
৭.> প্রেমটা অনেকটা হাওয়ার মত হয়ে গেছে | এক জায়গায় চিরস্থায়ী না | রমণী দেখলেই প্রেমে পড়ে যাই, আবার নতুন রমণী এলেই পুরনো প্রেমটা নতুনের দিকে ট্রান্সফার হয়ে যায় | প্রেম ক্যান নিদার বি ক্রিয়েটেড নর ডেস্ট্রয়েড, ইট ক্যান অনলি ট্রান্সফার ফ্রম এক রমণী টু অন্য | তা এরকমই বেশ বিন্দাস কেটে যাচ্ছিল | এর মাঝে আমার দুটি বেশ রমণী বান্ধবী হল | ভালোই হল বন্ধুত্ব | এর মধ্যে এক জনের রিসেন্ট ব্রেক আপ হওয়ায় তাকে সাপোর্ট টেলিকাস্ট দিতে লাগলাম | ফল রিবাউণ্ড প্রেম | আমার মেয়েটিকে মন্দ লাগতনা | একদিন বাড়িতে মাকে বলেই দিলাম, মা মেয়ে করে নিয়েছি পছন্দ | মা ত অবাক, বলে আদৌ মেয়েটাকি তোকে পছন্দ করেছে! একটু ঝটকা লাগল, আসলে ফুল কনফিডেন্স নেই | মেয়েটা যদি নো কনফিডেন্সে ভোট দিয়ে দেয় তাহলেই তো কেস, যদিও মন বলছে এইবার পাক্কা হবে গুরু | যাই হোক সাত পাঁচ চিন্তা নিয়ে বেড়িয়ে আবার হোঁচট, সেদিনই জানতে পারলাম আমাদের মিউচুয়াল ফ্রেণ্ড-এর থেকে যে অন্য মেয়েটি আমায় পছন্দ করে! এইবার ক্যাচ ২২ সিচুয়েশন তখন এলো যখন আমার প্রিয়ে আমার কাছে এসে তার বান্ধবীর জন্যে আমাকে বলল | ব্যাপারটা পুরো হিন্দি সিনেমার লাভ ট্রায়াঙ্গেল প্লাস বন্ধুর জন্যে আত্ম ত্যাগের একটা বস্তা পচা সিন হয়ে দাঁড়াল | এইবার বন্ধুদের মধ্যে প্রেম জিনিসটা আনিসনা তাহলে চাপ এই বলে দুজনকেই সাইড করতে হল | তারপর আগ বাড়িয়ে তাদের জন্যে ছেলেও দেখতে হল | যাকে আসলে ভালো লাগত সে যদিও বেশ কিছুদিন আমার জন্যে অপেক্ষা করেছিল কিন্তু যেহেতু অলরেডি ডায়লগ মেরে দিয়েছি সেই জন্যে ম্যান অফ ওয়ার্ডস বলে আর ফেরৎ যেতে পারিনি নইলে তিন নম্বর ট্রায়াঙ্গেল কোনা কি ভাববে! বেশ কিছু বছর পর দুটোরই বিয়ে হয়ে গেল | আমি যদিও তার আগে থেকেই নতুন রাউণ্ডের জন্যে রেডি |
৮.> বাঙ্গালীদের পুজো পরিক্রমা মানেই হল হাজার গণ্ডা ছেলে মেয়ে একে অপরকে ইম্প্রেস করার জন্যে ড্রেস করে ঘুরবে | বেশ এই চক্করেই আবার আমার মনে ইমোশনের লুজ মোশন হয়ে গেল আণ্ড আবার সেই প্রেম | খালি পুজোর সময় দেখা হত, রাতভর ঘোরা | যে কোন বাহানায় তার আশেপাশে ঘোরা বাট রেজাল্ট সেই একই আমি ইনভিজিবেল ম্যান আর তার দৃষ্টি আমার ওপর পড়তই না | এনিওয়েজ আমি জানতাম হিস্ট্রি রিপিটস ইটসেল্ফ, তাই আর রবীন্দ্রনাথের বীরপুরুষ না হয়ে সত্যজিত রায়ের কাপুরুষ হয়ে এইবার আর প্রোপোজ করলাম না | ফল পুজোয় ঘোরাঘুরি, আড্ডার বাড়াবাড়ি, খুনসুটি মারামারি, খাবার কাড়াকাড়ি তারপর যে যার বাড়ি | মেয়েটির মা যখন দেখল এ ছেলে আমার মেয়েকে প্রোপোজ করবেনা তখন বাধ্য হয়ে ছেলে দেখে নিল | সো মাই ডিয়ার ফ্রেণ্ডস আরেকটা গল্পের এডিশনের জন্যে রেডি তো!